
বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্ধারণ কিংবা কোন ধরনের সহিংসতাকে বৈধ বলা হবে, সে বিষয়ে মানদণ্ড ঠিক করার নৈতিক অবস্থান যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই এ মন্তব্য করেন। নাইন-ইলেভেন হামলার ২৫তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ওই বক্তব্য অসংগতিতে পূর্ণ।
ইরানি মুখপাত্রের দাবি, একদিকে যুক্তরাষ্ট্র আগ্রাসন ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটাচ্ছে, অন্যদিকে সন্ত্রাসবাদের সংজ্ঞা ও সহিংসতার বৈধতা নির্ধারণের অধিকার দাবি করছে। এ দুটি অবস্থান পরস্পরবিরোধী বলেও মন্তব্য করেন তিনি।
নাইন-ইলেভেন হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক ছিল না দাবি করে বাঘাই বলেন, হামলাকারীরা ইরানি ছিলেন না। হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’-এরও সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, আফগানিস্তান ও ইরাকে দীর্ঘস্থায়ী যুদ্ধ ও দখলদারিত্বের ফলে ব্যাপক বেসামরিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে।
এদিকে নাইন-ইলেভেনের ২৫তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রজুড়ে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে পেন্টাগনে দেওয়া বক্তব্যে হেগসেথ চলমান ইরান যুদ্ধকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ধারাবাহিকতা হিসেবে তুলে ধরেন এবং ইরানকে সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আখ্যা দেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার হামলায় নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন ও পেনসিলভানিয়ায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন।
