
জনজীবনের নানা সংকট নিয়ে সরকারের সমালোচনা করে সংসদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মিরপুরের পীরেরবাগে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘নামাজে আসলে মানুষ আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই; পানি দেন, পানি নাই।
রাজধানীতে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক ভালো হলেও গ্রামাঞ্চলে মানুষের দুর্ভোগ বেশি বলে মন্তব্য করেন তিনি।
জনজীবনের এসব সমস্যা নিয়ে সংসদে অর্থবহ আলোচনা প্রয়োজন উল্লেখ করে জামায়াত আমির বলেন, জুমার নামাজে যাওয়ার আগেই তিনি ভারপ্রাপ্ত স্পিকারকে ফোন করে সংসদের অধিবেশন জরুরি ভিত্তিতে আহ্বানের কথা জানিয়েছেন।
তিনি বলেন, সরকারের সব উদ্যোগকে খারাপ বলা হবে না।
তবে গ্যাস, বিদ্যুৎ, পানি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার ভালো কোনো উদ্যোগ নিলে বিরোধী দল হিসেবে তারা সহযোগিতা করবেন। তাঁর ভাষায়, সরকারের ভালো কাজে সহযোগিতা করাই বিরোধী দলের দায়িত্ব।
নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে—এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচন হয়ে যাওয়ার পরও জনজীবনের সংকট কমেনি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে।
সরকার চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির।
তাঁর দাবি, সরকারের কিছু ভালো কাজ থাকলেও জনজীবনের চলমান দুর্ভোগের কারণে সেগুলো আড়ালে পড়ে যাচ্ছে।
তিনি বলেন, চলমান সংকটগুলো নিয়ে সংসদে জরুরি ও অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন।
এ জন্য দ্রুত সংসদের অধিবেশন ডাকার দাবি জানান তিনি।
