
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ ও প্রযুক্তির আধুনিকায়নে ভিসার আগ্রহের কথা জানান।
বিশেষ করে ব্যাংক হিসাবধারীদের কার্ড ব্যবহারে উৎসাহিত করা এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়ে আগ্রহের কথা জানান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট।
বৈঠকে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ সরকারি জনসেবামূলক খাতে ভিসা কার্ড ব্যবহারের সুযোগ তৈরি এবং ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সহজে দেশে আনার জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি ‘টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার’ বা ‘গ্লোবাল সার্ভিস সেন্টার’ স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারত্বকে স্বাগত জানান। দেশের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী/উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
