
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানিবাহী তেল ট্যাংকারের চলাচল স্বাভাবিক থাকায় সরবরাহে তাৎক্ষণিক কোনো বিঘ্ন না ঘটায় এ দরপতন হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর আলজাজিরার।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক লেনদেনে দাম কিছুটা বাড়লেও পরে তা কমে আসে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার কমে ৮৯.৪৫ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০.৬৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩.৯০ ডলারে লেনদেন হচ্ছে।
এর আগে বুধবার মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের কয়েকটি শহরে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। একই সময়ে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার খবরও পাওয়া যায়। পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান।
যদিও যুদ্ধ পরিস্থিতির কারণে আগের দিন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৭.৯১ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৬.৫৬ শতাংশ বৃদ্ধি পায়। তবে সর্বশেষ লেনদেনে সেই ঊর্ধ্বগতির কিছুটা সংশোধন দেখা গেছে।
