
দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ফাহমিদা আক্তার উন্নত চিকিৎসার জন্য ভারত যাওয়ার মেডিকেল ভিসা পেয়েছেন। তার সঙ্গে মেডিকেল অ্যাটেনডেন্ট হিসেবে ভিসা পেয়েছেন বাবা মো. মনু মিয়াও।
জানা গেছে, সম্প্রতি ফাহমিদা আক্তার বেটি তার বাবা মো. মনু মিয়াকে সঙ্গে নিয়ে সিলেটে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশন (AHCI) কার্যালয়ে সহকারী হাইকমিশনার (AHC) শ্রী অনিরুদ্ধ দাসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফাহমিদার দীর্ঘদিনের হৃদরোগ এবং জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস দ্রুত মেডিকেল ভিসা প্রদানের আশ্বাস দেন। পরবর্তীতে ফাহমিদা ও তার বাবার মেডিকেল ভিসা অনুমোদন করা হয়।
ভিসা প্রাপ্তির পর তারা বিশেষায়িত হৃদরোগ চিকিৎসার জন্য শিগগিরই ভারতে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, সহকারি হাই-কমিশন ইন্ডিয়া, সিলেট কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক দায়িত্ববোধ থেকে ফাহমিদার চিকিৎসা-সংক্রান্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে পেরে তারা সম্মানিত বোধ করছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা ও সফল চিকিৎসা কামনা করেছে প্রতিষ্ঠানটি।
