উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে আবারও বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। বর্তমানে নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইস গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ৫২ দশমিক ১০ সেন্টিমিটার রেকর্ড করা হয়। ওই পয়েন্টে বিপৎসীমার মাত্রা ৫২ দশমিক ১৫ মিটার।

পানি আরও বাড়লে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ও গয়াবাড়ি ইউনিয়ন এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সোমবার সকালে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।