হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে দেশটির প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা শুরু করেছে। এটি এক সপ্তাহের মধ্যে ইরানে ওয়াশিংটনের চালানো তৃতীয় দফার হামলা।
মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালানোর পর এই অভিযান শুরু করা হয়।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, স্থল ও সমুদ্রভিত্তিক যুদ্ধবিমান, ড্রোন এবং নৌযান থেকে নির্ভুলভাবে লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের প্রায় ১৪০টি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌ সামরিক স্থাপনা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে, ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটির দাবি, একটি জাহাজ অনুমোদিত পথের বাইরে চলাচল করছিল, তাই সেটিতে অভিযান চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো পাল্টা পদক্ষেপ নেওয়া হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।
পরে আইআরজিসি দাবি করে, তারা হরমুজ প্রণালিতে আরও একটি জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলার জবাবে জর্ডান, কাতার ও ওমানসহ কয়েকটি উপসাগরীয় দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবিও করেছে ইরান।
তবে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।