ঢাকা
১৩ জুলাই ২০২৬

আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ৩৮ বার পঠিত
আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফরকে ঘিরে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ব্যাপক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে আশা করছেন এ অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

এছাড়া শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প। এর মধ্যে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো প্রকল্পে সরকারের সুস্পষ্ট ঘোষণা বা প্রতিশ্রুতির প্রত্যাশা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সৃষ্টি হবে। একই সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যও অনেকাংশে দূর হবে।

সফরকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, বরিশালের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন। সভায় নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল, গণসংযোগ ও প্রচার কর্মসূচি অব্যাহত রয়েছে। দলীয় কার্যালয়গুলোতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রতিদিনই বিভিন্ন উপজেলায় স্বাগত মিছিল ও প্রচার কর্মসূচি চলছে। এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান আক্তার শিরিন বলেন, বরিশালবাসী প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানাতে প্রস্তুত। তাঁর এই সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয়দের মতে, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর রাজনৈতিক ও উন্নয়ন—উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘদিনের অবহেলিত মেগা প্রকল্পগুলো নিয়ে সুস্পষ্ট ঘোষণা এলে দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa