ঢাকা
১৩ জুলাই ২০২৬

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা প্যাকেজ চালু করলো সৌদি সরকার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৫৪ বার পঠিত
বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা প্যাকেজ চালু করলো সৌদি সরকার

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ ও ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা (ই-ভিসা) সুবিধা চালু করেছে সৌদি আরব। এর ফলে নির্বাচিত দেশের ভ্রমণকারীরা আরও সহজ ও দ্রুত প্রক্রিয়ায় সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন।

শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক পর্যায়ে এই সুবিধার আওতায় থাকা সাতটি দেশ হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান ও মেক্সিকো।

নতুন ব্যবস্থার আওতায় ভ্রমণকারীরা একটি সমন্বিত বুকিংয়ের মাধ্যমেই ভ্রমণের প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ফলে আলাদাভাবে দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করার প্রয়োজন হবে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সি, যেমন রিজারভাল ও আলমোসাফেরের মাধ্যমে বুকিং সম্পন্ন করতে হবে।

প্যাকেজ কেনার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আবেদনকারীর ই-মেইলে ইলেকট্রনিক ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে। ভিসার মেয়াদ থাকবে তিন মাস। এই ভিসার মাধ্যমে একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সেখানে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের ভ্রমণ প্যাকেজের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য এক হাজার সৌদি রিয়াল করে যোগ হবে। এছাড়া ভিসা ও ভ্রমণ বীমাসহ মোট ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

তবে এই প্যাকেজে মক্কা বা মদিনায় উমরাহ পালনের জন্য কোনো বিশেষ সেবা অন্তর্ভুক্ত নয়। এরপরও এই ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির প্রচলিত নিয়ম অনুসরণ করে মক্কা, মদিনাসহ অন্যান্য এলাকায় ভ্রমণ করতে পারবেন।

এ ছাড়া ভ্রমণকারীরা বুকিংয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট বা বিনোদনমূলক অভিজ্ঞতার মতো অতিরিক্ত সেবাও যুক্ত করতে পারবেন।

সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও দেশকে এই কর্মসূচির আওতায় আনা হবে এবং সেবার পরিধি ও মান আরও উন্নত করা হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa