ঢাকা
০৫ জুলাই ২০২৬

ঢাকা হবে ‘পূর্বের সাংহাই’: সরকারের মেগা পরিকল্পনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ৪৪ বার পঠিত
ঢাকা হবে ‘পূর্বের সাংহাই’: সরকারের মেগা পরিকল্পনা

চীনের সাংহাই শহরের আদলে রাজধানী ঢাকাকে পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর রাজধানীর ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত এলাকাগুলো পুনঃউন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, স্থাপত্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকা শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উপায় জানতে চান। একই সঙ্গে সাংহাই কীভাবে ভূমি পুনঃউন্নয়ন (ল্যান্ড রিডেভেলপমেন্ট) প্রকল্পের মাধ্যমে আধুনিক নগরীতে পরিণত হয়েছে, সে বিষয়ে জানতে চেয়ে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর নির্দেশনা দেন।

এর পরিপ্রেক্ষিতে রাজউক ‘ঢাকা আরবান রিজেনারেশন প্রজেক্ট’ নামে একটি প্রকল্প প্রণয়ন করেছে। প্রকল্পের সারসংক্ষেপ ইতোমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, পরিকল্পনা অনুযায়ী ঘিঞ্জি ও অপরিকল্পিত এলাকার জমিগুলো সমন্বিতভাবে উন্নয়ন করা হবে। বহুতল ভবন নির্মাণের মাধ্যমে জমির মালিকদের মালিকানার অনুপাতে ফ্লোর স্পেস দেওয়া হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রশস্ত সড়ক, উন্মুক্ত স্থান, খেলার মাঠ, পার্ক ও জলাশয় সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে।

প্রথম পর্যায়ে হাজারীবাগ, বংশাল, চকবাজার, ইসলামবাগ, মৌলভীবাজার, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনায় ভূমিকম্প-সহনশীল ভবন, আধুনিক সড়ক ও ফুটপাত, উন্মুক্ত স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যোগের প্রস্তুতি আগে থেকেই ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনার ফলে বাস্তবায়নের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

তবে নগর পরিকল্পনাবিদ ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান মনে করেন, বাংলাদেশে সরাসরি সাংহাই মডেল প্রয়োগের পরিবর্তে দেশের সামাজিক, অর্থনৈতিক ও ভূমি মালিকানার বাস্তবতা বিবেচনায় নিজস্ব নগর উন্নয়ন মডেল তৈরি করা প্রয়োজন। তাঁর মতে, নগর উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত পরিকল্পনা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa