ঢাকা
০৩ জুলাই ২০২৬

হাবিপ্রবির নতুন বাজেট: গবেষণায় বরাদ্দ শূন্য, স্বাস্থ্যখাতে সর্বনিম্ন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
হাবিপ্রবির নতুন বাজেট: গবেষণায় বরাদ্দ শূন্য, স্বাস্থ্যখাতে সর্বনিম্ন

স্বাস্থ্য খাতে মাত্র ১২ লাখ টাকা, গবেষণায় নেই কোনো বরাদ্দ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৩৩ কোটি ৪১ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে। গত অর্থবছরের তুলনায় এ বাজেট ৪ কোটি ১২ লাখ ১৫ হাজার টাকা বেশি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট বাজেটের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১২৩ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৯ কোটি ৬৩ লাখ টাকা আসবে।

বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও অবসর সুবিধার জন্য। এ খাতে বরাদ্দ ৯০ কোটি ১৮ লাখ ৮২ হাজার টাকা, যা মোট বাজেটের প্রায় ৬৭ দশমিক ৫৯ শতাংশ।

অন্যদিকে, সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবা খাতে। এ খাতে বরাদ্দ মাত্র ১২ লাখ টাকা, যা মোট বাজেটের মাত্র ০ দশমিক ০৯ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ২০৩ শিক্ষার্থীর হিসাবে জনপ্রতি স্বাস্থ্যসেবা বরাদ্দ দাঁড়ায় প্রায় ১০৭ টাকা।

এবারের বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি, যদিও আগের অর্থবছরে এ খাতে অর্থ বরাদ্দ ছিল। তবে পূর্ববর্তী অর্থবছরে বরাদ্দ না থাকলেও এবার যানবাহন খাতে ৪ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া সাধারণ পণ্য ও সেবা খাতে ২৯ কোটি ৭৩ লাখ টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণে ৩ কোটি ৩৫ লাখ টাকা, যন্ত্রপাতি অনুদানে ২ কোটি ৪২ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ৮০ লাখ টাকা, অন্যান্য মূলধনী অনুদানে ৭০ লাখ টাকা এবং অন্যান্য অনুদান হিসেবে ১ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির বলেন, গত বছরের তুলনায় স্বাস্থ্য খাতের বরাদ্দ কিছুটা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে যেসব খাতে অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন, সেসব বিষয়ে ইউজিসির কাছে আবেদন জানানো হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa