ভোলার চরফ্যাশন উপজেলার প্রায় ছয় লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে হাসপাতালটির স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
হাসপাতালে ৪২ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৬ জন চিকিৎসক। এছাড়া ১০ জন কনসালট্যান্টের স্থলে রয়েছেন মাত্র দুজন। সীমিত জনবল নিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।
চরফ্যাশন থেকে ভোলা জেলা সদর হাসপাতালের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। গুরুতর রোগীদের সেখানে পাঠানো হলেও অনেক ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য পরে বরিশাল বা ঢাকায় রেফার করা হয় বলে অভিযোগ রোগীর স্বজনদের। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন বহির্বিভাগে ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি নিয়মিত শতাধিক রোগী ভর্তি থাকেন। ২৪ ঘণ্টার জরুরি বিভাগেও প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর চাপ থাকে। চরফ্যাশনের পাশাপাশি পার্শ্ববর্তী দ্বীপ উপজেলা মনপুরা থেকেও রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর বাবা সবুজ খান জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসা পরামর্শ পাওয়া কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি হাসপাতালের টয়লেট ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে প্যাথলজি বিভাগেও রয়েছে নানা সংকট। আধুনিক যন্ত্রপাতির অভাবে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে। এতে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। সেল কাউন্টার মেশিন, আধুনিক মাইক্রোস্কোপ, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারসহ বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাকলুকুর রহমান বলেন, জনবল সংকটের কারণে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
তিনি বলেন, ৪২ জন মেডিকেল অফিসারের বিপরীতে বর্তমানে ১৬ জন কর্মরত আছেন। এছাড়া ১০ জন কনসালট্যান্টের স্থলে আছেন মাত্র দুজন।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক বলেন, সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের দাবি, বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা জরুরি।