ঢাকা
২৭ জুন ২০২৬

আদানির মামলা কেন প্রত্যাহার, মার্কিন ফেডারেল বিচারকের বিস্ময়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২৬   ৩২ বার পঠিত
আদানির মামলা কেন প্রত্যাহার, মার্কিন ফেডারেল বিচারকের বিস্ময়

ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করতে মার্কিন বিচার বিভাগকে (ডিওজে) নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক।

শুক্রবার ব্রুকলিনের ডিস্ট্রিক্ট জজ নিকোলাস গারাউফিস বলেন, বিচার বিভাগের দাখিল করা নোটিশে মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের পর্যাপ্ত ব্যাখ্যা নেই। এ বিষয়ে বিস্তারিত তথ্য জমা দিতে তিনি ১৩ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেন।

আদালতের লিখিত আদেশে বিচারক উল্লেখ করেন, সরকারের সংক্ষিপ্ত ও একপক্ষীয় বক্তব্য মামলা প্রত্যাহারের আবেদন মূল্যায়নের জন্য যথেষ্ট নয়।

এর আগে গত বুধবার আদানির আইনজীবীরা আদালতে মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজের আবেদন করেন। তাঁদের দাবি, অভিযোগটি মার্কিন আইনের এখতিয়ারের বাইরে এবং ভারতে কথিত ঘুষের অভিযোগ আদালতে প্রমাণ করা সম্ভব হবে না।

২০২৪ সালে ভারতের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ষড়যন্ত্র এবং এ-সংক্রান্ত তথ্য গোপন রেখে মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে গৌতম আদানির বিরুদ্ধে মামলা করা হয়।

পরে গত মে মাসে মার্কিন বিচার বিভাগ মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর আগে আদানি যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। একই সময়ে তিনি আইনজীবী হিসেবে রবার্ট জিউফ্রাকে নিয়োগ দেন, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের একজন।

এদিকে, ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, বর্তমানে গৌতম আদানি বিশ্বের ১৭তম ধনী ব্যক্তি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa