মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে শেরপুর মাছের আড়ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার হামরকোনা গ্রামের বাসিন্দা এবং আনসার উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট শেরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি কর্মসূচিতে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, হামলার সময় দেশীয় অস্ত্র, লোহার রড, জিআই পাইপ, কাঠের রোল ও ককটেল ব্যবহার করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়, এতে কয়েকজন আহত হন।
মামলাটি দায়ের করেন আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনের সমন্বয়ক খায়রুল আলম সবুজ।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে মিজানুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় তিনি অন্য আসামিদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় অংশ নেন।
মৌলভীবাজার সদর মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শিপু কুমার দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মিজানুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।