
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে কঠোর মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ‘আয়নাঘরে’ নির্যাতনের অভিযোগের সঙ্গে যুক্ত চেয়ারে বসানোর মতো মন্তব্য করেন।
রানু তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে তার নির্বাচনি এলাকা ফেনীতে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে সন্তান হত্যার বিচার দাবি করেছেন।
তিনি বলেন, “তারা আমাকে বলেছে, আমরা কিছু চাই না, শুধু আমাদের সন্তান হত্যার বিচার চাই। সংসদে এই কথাটি তুলে ধরবেন।”
‘আয়নাঘর’ প্রসঙ্গে রেহানা আক্তার রানু বলেন, সেখানে বিরোধীদলের নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। এ সময় তিনি অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিচারের দাবি জানান।
বক্তব্যের এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে নির্ধারিত সময় শেষ হওয়ার কথা জানিয়ে বক্তব্য শেষ করতে বলেন। পরে অনুরোধের পর তাকে আরও দুই মিনিট সময় দেওয়া হয়।
রানু বলেন, রাজনৈতিক বিভক্তি দূর করে ঐক্য ধরে রাখা প্রয়োজন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরলে বিরোধী মতের মানুষের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে।
বাজেট আলোচনায় অংশ নিয়ে রেহানা আক্তার রানু প্রস্তাবিত বাজেটকে সমর্থন করেন। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডে বড় ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন।
তিনি ব্যাংক লুটেরাদের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরতের দাবি জানান। পাশাপাশি ফেনীতে মেডিকেল কলেজ, ফ্লাইওভার, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্যাস সংযোগ সম্প্রসারণ, এলপিজির দাম কমানো এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি দ্রুত চালুর দাবি জানান।