
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, রাজনৈতিক জীবন কোনো সহজ-সরল পথ নয়; এখানে রয়েছে ত্যাগ, ঝুঁকি ও দীর্ঘ সংগ্রাম।
সোমবার (২২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
নিজের প্রথম সংসদীয় বক্তব্যের অভিজ্ঞতা তুলে ধরে ডা. মিতু বলেন, দিনটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে দেশের অনেক মানুষ নানা ধরনের ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে গেছেন। এ কারণে বর্তমান সংসদকে অনেকে ‘মজলুমের সংসদ’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, এই সংসদে রয়েছেন স্বজন হারানো মানুষ, নির্যাতনের শিকার ব্যক্তিরা এবং জুলাই আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে উঠে আসা তরুণ নেতৃত্ব। পাশাপাশি রয়েছেন অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদরাও।
রাজনীতিতে আসার অভিজ্ঞতা জানিয়ে এনসিপির এই নেত্রী বলেন, “রাজনীতিতে আসার অভিজ্ঞতা যদি এক কথায় বলতে হয়, তাহলে বলব— বহুদিন সেই শান্তির ঘুমটা আর ঘুমাই না।”
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের নানা সীমাবদ্ধতা থাকলেও এর বড় অর্জন হলো দেশে যুক্তি, তর্ক ও নীতিনির্ভর রাজনৈতিক আলোচনার পরিবেশ তৈরি হওয়া।
নিজের প্রথম সংসদীয় বক্তব্য নিয়ে তিনি দাবি করেন, সরকারদলীয় নেতা, মন্ত্রী, চিফ হুইপ ও সংসদ সদস্যদের কাছ থেকে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তার বক্তব্যের প্রশংসা করেছেন বলে জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের প্রসঙ্গে ডা. মিতু বলেন, এসব সমালোচনা কখনো তাকে ক্ষুব্ধ করে, আবার কখনো সহানুভূতির অনুভূতি তৈরি করে। তবে প্রতিকূলতা তাকে আরও দৃঢ় হতে শিখিয়েছে।
পোস্টের শেষাংশে তিনি সতর্ক করে বলেন, “এটা ১৭ বছর পরের বাংলাদেশ। অনেক প্রাণের বিনিময়ের বাংলাদেশ। এটাকে পুরোনো দিনে ফিরিয়ে নিয়েন না। এর ফল ভালো হবে না।”