
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপস্থিত কয়েকজন সাংবাদিক ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন সমর্থক সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে।
হামলায় আহত মাহফুজুর রহমান শিশিরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন দেখা যায়।
এ ঘটনায় ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কর্মসূচিতে বহিরাগত কেউ প্রবেশ করে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।