লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২ মে) এই নতুন হামলার ফলে একদিনে মোট নিহতের সংখ্যা ৪১ জনে পৌঁছেছে। চলতি বছরের ২ মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে এবং আহত হয়েছেন ৮ হাজার ১৮৩ জন।
ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়েছেন। এর আগে কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দু’জন এবং লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজন নিহত হন। শৌকিন গ্রামেও পৃথক হামলায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।
এছাড়া নাবাতিয়েহ শহরের আল-কুদস মোড়ের কাছে বিমান হামলা চালানো হয় এবং টাইর জেলার সিদ্দিকিন শহরেও ইসরাইলি যুদ্ধবিমান হামলা করে।
গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বারবার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইসরাইলের দাবি, এসব হামলার লক্ষ্যবস্তু লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সদস্যরা। তবে স্থানীয় সূত্র অনুযায়ী, নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।
Development by: webnewsdesign.com