সরকারের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন মুখ

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | ৪:৫০ অপরাহ্ণ

সরকারের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন মুখ
apps

সরকার একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে নতুন প্রধান নিয়োগ দিয়েছে। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত ১৫টি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব প্রতিষ্ঠানের মহাপরিচালক ও সমমানের পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। একইভাবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক হয়েছেন।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং মো. আসাদুজ্জামানকে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। অন্যদিকে, এ এস এম মুস্তাফিজুর রহমানকে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এবং দেলোয়ার হোসেন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এদিকে, হাসান মাহমুদ জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের রেজিস্টার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে, তিনটি কর্তৃপক্ষেও নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল হাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হয়েছেন। মো. শফিকুল ইসলাম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং মোহাম্মদ হাবীবুর রহমান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করা হয়েছে।

Development by: webnewsdesign.com