চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে নজরুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নিজেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির পদধারী নেতা হিসেবে পরিচয় দিয়ে এবং স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, মন্ত্রীর সঙ্গে তোলা ছবি দেখিয়ে তিনি নিজেকে ‘অত্যন্ত প্রভাবশালী’ ব্যক্তি হিসেবে তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে চাপ সৃষ্টি করেন।
অভিযোগ রয়েছে, এই পরিচয় ব্যবহার করে তিনি প্রশাসনের কিছু ক্ষেত্রে অনৈতিক সুবিধাও গ্রহণ করছেন। পাশাপাশি চট্টগ্রামকেন্দ্রিক চোরাচালান ও মাদক ব্যবসার একটি বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছেন বলেও স্থানীয়দের দাবি।
সাতকানিয়ার বিভিন্ন ব্যবসায়ী জানান, সম্প্রতি তাদের কাছেও মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। কেউ প্রতিবাদ করলে তাকে হয়রানি বা ক্ষতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আইনশৃঙ্খলার জন্যই নয়, ব্যবসা-বাণিজ্যের পরিবেশের জন্যও হুমকি। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
Development by: webnewsdesign.com