মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি রায়হান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে সদর উপজেলার সরকার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার সন্ধ্যার পর মোঠোফোনে যোগাযোগ করা হলে শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু কুমার দাশ গ্রেফতারের বিষয়টি এই প্রতিবেদকের কাছে নিশ্চিত করেন।

জানা যায়, সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের পূর্ব সাধুহাটি গ্রামের আব্দুল মুমিন গত ২৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখে তার ছেলে জসিম উদ্দিন ও হোসনা আক্তারকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়- সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের পূ্র্ব সাধুহাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি রায়হান আহমদ (৩৯), মৃত আব্দুল করিমের পুত্র মোস্তাকিম মিয়া (১৯), মোকাদ্দির মিয়া (২১), মৃত আব্দুল হাসিমের পুত্র আহাদ মিয়া (৬০), সিতার মিয়া (৪৫), আব্দুল আহাদের পুত্র বাদশা মিয়া (২৫), শাহজাহান মিয়া (২৩) ও মতিন মিয়ার পুত্র ফাহিম মিয়া (২০)।

সূত্রে জানা যায়, রায়হান আহমেদ এর বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।