বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া খেলার মাঠে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে জনসভাস্থল। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও নেতাকর্মীসহ সাধারণ মানুষ অবস্থান নিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কুট্টাপাড়া খেলার মাঠে এসেছেন। হাতে দলীয় পতাকা, মাথায় টুপি এবং ব্যানার-ফেস্টুন দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু এখনো এসে পোঁছাননি। সন্ধ্যা ৭টায় রিপোর্ট লেখা পর্যন্ত জনসভায় উপস্থিত হননি। তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এদিকে জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠে প্রবেশের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।
বিএনপির নেতারা জানিয়েছেন, এ জনসভা থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে। জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
