ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে মাওলানা মোবারক হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ সাথে গিয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

এ বিষয়ে জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছি। সংগঠনের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছি এবং জনগণের ব্যাপক সাড়া ও ভালোবাসা পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় অর্জন করবে এবং ইনশাআল্লাহ সরকার গঠন করবে।’

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত বছরের ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ ) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তবে জোটগত সমঝোতার অংশ হিসেবে শেষ পর্যন্ত এ আসনে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।