নদীর বুকে মাছ ধরতে গিয়েছিলেন তারা ফেরার কথা ছিল ভোরের আলোয়। কিন্তু মেঘনার কালো জলে নেমে এসেছিল দুঃস্বপ্ন। জলদস্যুদের হাতে অপহৃত হন চার জেলে। নদীপাড়ে তখন কান্না, উৎকণ্ঠা আর অজানা আশঙ্কা। পরিবারের চোখে ছিল একটাই প্রশ্ন আমাদের মানুষগুলো কি ফিরবে। শেষ পর্যন্ত ফিরেছেন তারা। জীবিত, নিরাপদ।
গত সোমবার দিবাগত রাতে ভোলা জেলার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল সাহসী অভিযান চালিয়ে মেঘনা নদীর তুলাতলী ঘাট সংলগ্ন নৌ এলাকা থেকে চার অপহৃত জেলেকে উদ্ধার করে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নৌ পুলিশ সদর দপ্তর এই তথ্য নিশ্চিত করে।
নৌ পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে অপহরণের খবর পাওয়ার পরপরই মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) সনাতন চন্দ্র সরকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হকের সার্বিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে শুরু হয় নিরবচ্ছিন্ন অভিযান। রাতের অন্ধকার, নদীর স্রোত সব বাধা পেরিয়ে নৌ পুলিশের দল পৌঁছে যায় জলদস্যুদের কবলে থাকা জেলেদের কাছে।
মো. মহিউদ্দিন মাতব্বর (৪০), মো. সবুজ (২২), মো. বজলু মাঝি (৩৮) ও মো. শরীফ (৩০)। তারা সবাই ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নৌ পুলিশ জানায়, ১১ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মেঘনা নদীতে মাছ ধরার সময় কয়েকজন জলদস্যু তাদের অপহরণ করে এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। খবর ছড়িয়ে পড়তেই নদীপাড়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উদ্ধারের পর চার জেলেকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন,নৌপথে অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।
