একদিকে সড়কে ঝরে গেল তিনটি প্রাণ, অন্যদিকে নির্মম হত্যাকাণ্ডের বিচার না পেয়ে রাস্তায় নেমেছে মানুষ। ঢাকা বরিশাল মহাসড়ক যেন রক্ত আর ক্ষোভের সাক্ষী হয়ে উঠেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে ভয়াবহ দুর্ঘটনা ও বিক্ষোভে থমকে যায় দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত এই পথ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় যাত্রীবাহী ভ্যানের তিন যাত্রী নিহত হন। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশ বন্ধ হয়ে পড়লে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়া একটি কাভার্ডভ্যান ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, ভ্যানের ওপরে বসে থাকা তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
এর আগেই একই মহাসড়কে আরেকটি ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গৌরনদীর মানুষ। রাতের আঁধারে এক ভ্যানচালককে নির্মমভাবে হত্যার প্রতিবাদে স্থানীয়রা ঢাকানবরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এতে সড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দক্ষিণ ও উত্তরাঞ্চলগামী শতাধিক দূরপাল্লার যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
নিহত ভ্যানচালক মো. মঞ্জু বেপারী (৫০) গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ গ্রামের বাসিন্দা। গত শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
বিক্ষোভকারীরা বলেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও কঠোর হবে।
বরিশাল গৌরনদী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
