বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।
রাতে যাত্রী নামিয়ে ভ্যান নিয়ে বাড়ির পথে রওনা দেন মঞ্জু। বাড়ির কাছাকাছি মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
মঞ্জুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
বরিশাল গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান,হাসপাতালে আনার আগেই মঞ্জুর মৃত্যু হয়েছে।
বরিশাল গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
