বরিশালে হঠাৎ করেই সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারে গ্যাস মিলছে না বললেই চলে, আর কোথাও পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে। সরকারি মূল্য যেখানে ১ হাজার ৩৫০ টাকা, সেখানে গ্রাহকদের গুনতে হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত। এই পরিস্থিতিতে রান্নার বিকল্প হিসেবে অনেক পরিবার ইলেকট্রিক চুলার দিকে ঝুঁকছে।
নগরীর বিভিন্ন এলপিজি বিক্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, বসুন্ধরা, যমুনা, গ্রিন নাভানা, ডেলটা, টোটালসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের সিলিন্ডার থাকলেও সরবরাহ অত্যন্ত সীমিত। দেশে প্রায় ১৮টি কোম্পানি এলপিজি সরবরাহ করলেও বর্তমানে বরিশালে নিয়মিত গ্যাস দিচ্ছে মাত্র কয়েকটি প্রতিষ্ঠান, তাও চাহিদার তুলনায় খুবই কম পরিমাণে।
 কালী বাড়ি শীতলা খোলার এক গ্রহক আবুল কালাম আজাদ জানান, আগের মতো নিয়মিত গ্যাস আসছে না। প্রতি কয়েকদিন পরপর যেখানে এক ট্রাক গ্যাস পাওয়ার কথা, সেখানে এখন ঢাকা গিয়ে ফিরতে হচ্ছে মাত্র ৭০-৮০টি সিলিন্ডার নিয়ে। পরিবহন খরচ যোগ করে পাইকারিতেই দাম বেড়ে যাচ্ছে। ফলে খুচরা বিক্রেতারাও বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। একাধিক দোকান ঘুরেও গ্যাস না পেয়ে অনেকে শেষ পর্যন্ত বেশি দামে কিনছেন। আবার অনেক পরিবার গ্যাস না পেয়ে রান্নার ব্যবস্থা চালু রাখতে বাধ্য হয়ে কিনছেন ইলেকট্রিক চুলা।
নগরীর কয়েকটি ইলেকট্রনিক্স দোকানে গিয়ে জানা গেছে, গত কয়েক দিনে ইলেকট্রিক চুলার বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। বিক্রেতারা বলছেন, আগে যেখানে দিনে এক-দুটি চুলা বিক্রি হতো, এখন সেখানে প্রতিদিন একাধিক চুলা বিক্রি হচ্ছে। গ্যাসের অনিশ্চয়তা মানুষকে বিদ্যুৎচালিত রান্নার দিকে ঠেলে দিচ্ছে।
বরিশাল কাশিপুর এলাকার গৃহনী রিমা   বলছেন, রান্না বন্ধ রাখা সম্ভব নয়। গ্যাস না পেয়ে বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলাই এখন ভরসা। তবে এতে বিদ্যুৎ বিল বাড়ার পাশাপাশি লোডশেডিংয়ের শঙ্কাও তৈরি হচ্ছে।  দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে গ্যাসের সংকট আরও তীব্র হবে। এতে শুধু রান্নার খরচই বাড়বে না, বরিশালের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনেও নতুন চাপ তৈরি হবে।