ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচন সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো পরিণত হয় নির্বাচনী উৎসবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে মনোনয়নপত্র জমা দেন বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী। দলীয় ব্যানার, স্লোগান ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল সরব ও মুখর।

দুপুর ১টার দিকে বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এর কিছু সময় পর বরিশাল সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার তার মনোনয়নপত্র দাখিল করেন।

এদিন সকালেই বরিশাল সদর-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ-এর প্রার্থী মনীষা চক্রবর্তী মনোনয়নপত্র জমা দেন। একই আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

মনোনয়ন দাখিল শেষে প্রার্থীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন ভয় ও বাধাহীন পরিবেশে ভোট দিতে পারেন, সে প্রত্যাশা তাদের। তবে নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে এখনও কিছুটা শঙ্কা রয়েছে বলে তারা মন্তব্য করেন। এসব উদ্বেগ দূর করতে প্রশাসনের পক্ষ থেকে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি বলেও মত দেন তারা।

প্রার্থীরা আরও জানান, নিরপেক্ষ প্রশাসনিক ভূমিকা ও কার্যকর নজরদারি থাকলে নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশালের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত মোট ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।