নগরীর শিশু-কিশোরদের সুস্থ বিনোদন ও শরীরচর্চার সুযোগ নিশ্চিত করে একটি মাদকমুক্ত, সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে।

গতকাল শনিবার (১ নভেম্বর) ঘোষণা করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

হালিশহর বিডিআর মাঠের উন্নয়ন কাজ পরিদর্শনকালে মেয়র বলেন, “আমাদের সন্তানদের শরীরচর্চা ও মানসিক বিকাশের জন্য নিরাপদ খেলার জায়গা দরকার। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে তাদের বিকল্প কর্ম ও বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পারিবারিক বিনোদনের মাধ্যমে আমরা একটি মানবিক ও প্রাণবন্ত নগরী গড়ে তুলতে চাই।”

যেসব মাঠে উন্নয়নকাজ শুরু হয়েছে: ​চসিক মেয়রের ঘোষণা অনুযায়ী, ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়ার্ডে মাঠ ও পার্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
​৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড: ফিরোজ শাহ পার্ক ও মাঠ
​১৬নং চকবাজার ওয়ার্ড: মহসিন কলেজ মাঠ
​২৭নং ওয়ার্ড: আগ্রাবাদ জাম্বুরি মাঠ
​২৬নং ওয়ার্ড: বহুরুপী মাঠ
​১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড: মাঠ
​১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড: বিডিআর মাঠ (হালিশহর)
​২৫নং ওয়ার্ড: এইচ ব্লক মাঠ
​মেয়র জানান, হালিশহর শিশু পার্ক ও মাঠের উন্নয়নেও উদ্যোগ নিয়েছে চসিক। প্রকৌশল বিভাগ ধাপে ধাপে সব ওয়ার্ডে মাঠ ও পার্ক নির্মাণের কাজ বাস্তবায়ন করবে।
​
​চসিক মেয়রের উদ্যোগে কিছুদিন আগে হালিশহর বিডিআর মাঠের সংস্কার কাজ শুরু হয়। মাঠটি সমান ও উঁচু করে তাতে ঘাস রোপণ করা হয়েছে, যাতে স্থানীয়রা খেলাধুলা ও বিনোদনের জন্য জায়গাটি ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি, মাঠের চারপাশে বয়স্কদের হাঁটা ও ব্যায়ামের জন্য একটি ওয়াকওয়ে নির্মাণ কাজও শুরু হয়েছে।

​পরিদর্শন শেষে মেয়র স্থানীয় নেতৃবৃন্দ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চলমান উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে নির্দেশনা দেন এবং মাঠগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
​পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটির (হাফুস) সভাপতি ফরিদ আহমেদ বাবু, সিনিয়র সহ সভাপতি গোলাম মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি নাজিম উদ্দীন এবং মেয়রের ক্রীড়া প্রতিনিধি আবদুল আহাদ রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিটি ওয়ার্ডের মানুষ তাদের সন্তানদের নিয়ে হাঁটতে, খেলতে ও আনন্দ করতে পারবে, যা নগরীর সুস্থ পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।