লন্ডন প্রবাসী মনোয়ারা বেগম তাঁর সিলেটের বাড়ি দখলে রাখার অভিযোগ করেছেন স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে। এ বিষয়ে তিনি জাতীয় মানবাধিকার কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন।
মনোয়ারা বেগম জানান, তিনি ২০১৭ সালের ২৬ নভেম্বর সিলেট মহানগরীর সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের ৩০নং বাসা ঝর্নারপার কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত ২.৮৮ শতক জমি নির্মাণাধীন পাকা ঘরসহ ৫১ লক্ষ টাকা দিয়ে দলিলমূলে ক্রয় করেন। দলিল নং- ৯৯৪৫/১৭। তিনি নগদ ১৭ লক্ষ টাকা পরিশোধ করে একটি রেজিস্টার্ড বায়নামাও সম্পাদন করেন। পরে ২০১৮ সালের ১০ মে একটি অঙ্গীকারনামার মাধ্যমে তাকে সরেজমিনে ঘর হস্তান্তরও করা হয়। জমি হস্তান্তরের পর থেকে সকল প্রকার ইউটিলিটি বিল (হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ, পানি, গ্যাস) তার নামে স্থানান্তর করা হয় ও তিনি তা নিয়মিত পরিশোধ করে আসছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বাড়ির বিক্রেতা মোঃ আশরাফ আলী (উরফে ফয়ছল) ও তার স্ত্রী রুহেনা বেগম, বাড়িটি বিক্রির পর স্থান সংকুলানে অনুনয়-বিনয় করে অস্থায়ীভাবে দুইটি কক্ষ মাসিক ৭ হাজার টাকা ভাড়ায় বসবাসের অনুমতি নেন। প্রথম মাসে ভাড়া পরিশোধ করলেও পরবর্তীতে আর কোনো ভাড়া পরিশোধ করেননি। উল্টো এখন তারা পুরো বাড়িটি নিজেদের দখলে রেখে সন্ত্রাসীদের সহায়তায় তা জবরদখল করে আছেন। ঘটনার একপর্যায়ে ভাড়া চাইতে গেলে মনোয়ারা বেগমের মেয়ে ফারজানা বেগম ও তার জামাতা সিরাতুল আম্বিয়া টিপুকে বিবাদীরা হুমকি দেন, ২০ লক্ষ টাকা চাঁদা না দিলে তারা বাড়ি ছাড়বেন না এবং তাদের হাত-পা ভেঙে লোলাঙ্গ করে দেবেন বলেও হুমকি দেন। এই ঘটনায় ২০২১ সালের ২৪ মে কোতোয়ালী থানায় মামলা (মামলা নং-৫২/২৪, ধারা ৪৪৮/৩/৫/৫০/৩৪) দায়ের করা হয়। ওই মামলায় বিবাদী আশরাফ আলী দুই মাস কারাভোগও করেন।
মনোয়ারা বেগম বলেন, আমি একজন বৃদ্ধ মহিলা, লন্ডনে থাকি। জীবনের সঞ্চিত অর্থ দিয়ে আমি এই ঘর কিনেছি। অথচ এখন সন্ত্রাসীরা তা জবরদখল করে রেখেছে। আমি দেশে গেলে প্রাণনাশের আশঙ্কা করছি। এমনকি যারা আমার পক্ষে প্রতিনিধিত্ব করছে তাদেরকেও হুমকি দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আমি আশাবাদী, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী আমার মতো প্রবাসী নিরীহ মানুষের পাশে দাঁড়াবে।
মনোয়ারা বেগম জাতীয় মানবাধিকার কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি তার সম্পত্তি উদ্ধারে হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তিনি বিবাদীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
