পরকিয়ার জের ধরে সিলেটের গোলাপগঞ্জ কদমতলী এলাকায় যুবদল নেতা খুন হয়েছেন। সূত্রে জানা যায়, ফেইসবুকে পরকিয়ার পোস্টের জেরে ছাত্রদল নেতার হাতে রনি হোসাইন নামের এক যুবদল কর্মী খুন হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৯ আগষ্ট) রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রনি হোসাইন আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু নামের এক নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।

জানা যায়, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি হোসাইন তার ফেসবুক আইডিতে নারী ঘটিত বিষয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছেন। রনি হোসাইন তার সর্বশেষ ফেইবুক পোস্টে লেখেন, “এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেক জনের বিবাহিত বউ নিয়ে হোটেলে- হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে এর প্রতিবাদ করে ছিলাম এই জন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে”। এই পোস্টে তিনি শেখ রাজুর সাথে একজন মহিলার ছবি জুড়ে দেন। এর আগেও নিহত রনি হোসাইন বিষয়টি নিয়ে আরো কয়েকটি পোস্ট করেছেন। এরই জের ধরে হত্যাকান্ডটি হতে পারে বলে স্থানীয়রা জানান।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।