আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার নলজুরির খাসি হাওর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছড়িয়ে পড়া এক ভিডিওতে ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে স্থানীয়দের বাহাস করতে দেখা যায়।

সেখানে একজন বাংলাদেশি নাগরিককে বলতে শোনা যায়, ‘আপনাদের গায়ে হাত তোলা হয়নি কিন্তু আপনারা বন্দুক কেন তাক করলেন?’ এ সময় পাশে আরেকজনকে বলতে শোনা যায়, ‘এদিকে (বাংলাদেশে) এখন হাসিনা-বাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) নেই।’

জানা গেছে, গত কিছুদিন থেকে বিএসএফের আপত্তিতে বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার এবং বিজিবি সদস্যরাসহ সকাল ১১টার দিকে গোয়াইনঘাটের নলজুরি খাসিয়া হাওর ১২৭৮-১২৭৯ পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ-ভারত সীমান্তে জরিপ কাজে যান। নির্ধারিত সময়ে ভারত ও বাংলাদেশের যৌথ সার্ভে দল সীমান্ত চিহ্নিতকরণে কাজ শুরু করে। সার্ভেকাজে সহযোগিতা করছিল বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ।

তবে সার্ভে চলাকালে বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়া হাওর এলাকায় প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানায়।
সেখানে বিএসএফ যাওয়ার পর খবর পেয়ে বাংলাদেশি সাধারণ জনতা ভিড় করতে থাকে। এক পর্যায়ে বিএসএফ এলে বাংলাদেশি জনতা উত্তেজিত হয়ে জরিপ করতে বিএসএফকে বাধা দেয়। বিজিবিও পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফকে বাধা প্রদান করে।

বিজিবির সহযোগিতায় উত্তেজিত জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নিয়ে আসে। পরে সাধারণ জনতা ও বিজিবির বাধার মুখে বিএসএফ পিছু হটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘এ ধরনের একটি ঘটনার সংবাদ পেয়েছি। যতটা জানতে পেরেছি সীমান্তে যৌথ সমীক্ষা চলছিল।

তবে কে বা কারা সমীক্ষা চালিয়েছে তা আমার জানা নেই। এই সমীক্ষার বিষয়ে আমাদের কেউ জানায়নি।’
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘গত কিছুদিন থেকে বিএসএফের আপত্তিতে বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার এবং বিজিবি সদস্যরাসহ সকাল ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসি হাওরে জরিপে গেলে বাংলাদেশি সাধারণ জনতা ভিড় করে। এক পর্যায়ে বিএসএফ এলে বাংলাদেশি সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ করতে আসা বিএসএফকে বাধা দিলে জনতা ও বিজিবির বাধার মুখে বিএসএফ পিছু হটে।’

পরে বিজিবি সদস্যরা উত্তেজিত জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্তে বিজিবি ও বিএসএফের টহল কার্যক্রম অব্যাহত আছে।