সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সাথে বৈঠক করেছেন সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ।
বুধবার (৭মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিক সমিতির পক্ষ থেকে লিখিতভাবে বেশ কিছু দাবি জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুজ্জামান জোয়াহির।
পরে সমিতির জেলা সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, আমরা লক্ষ্য করছি ইদানিং একটি চক্র বিআরটিএর কিছু অসাধু লোকদের সহযোগিতায় সম্পূর্ণ অবৈধভাবে সিএনজি অটোরিক্সার রেজিষ্ট্রেশন দেওয়ার নাম করে মালিকদের নিকট থেকে লক্ষ্য লক্ষ্য টাকা আদায় করে নিচ্ছে। এই চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নতুন করে অবৈধভাবে সিএনজি অটোরিক্সার রেজিষ্ট্রেশন দেয়ার অপতৎপরতা বন্ধ করতে হবে। তিনি বলেন, সিলেটে বিগত এক মাসে অসংখ্য সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং অসংখ্য মানুষকে আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে হাইওয়ে সড়কগুলোতে টমটম, ব্যাটারি চালিত রিক্সা আর রেজিষ্ট্রেশনবিহীণ অটোরিক্সার দৌরাত্ম বেড়েছে। পুলিশের যেসমস্ত লোকজন আর্থিক সুবিধা নিয়ে হাইওয়ে সড়কে এ ধরণের যানবাহণ চলাচলের সুযোগ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মাওলানা লোকমান বলেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সিলেট জেলার সর্বস্থরের মালিকদের নিয়ে গঠিত সংগঠন যা দীর্ঘদিন যাবৎ মালিক-শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট তথা পরিবহন সেক্টরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘদিন যাবৎ অবৈধ পরিবহন বিশেষ করে ২০১৩ সাল থেকে রেজিষ্ট্রেশন বিহীন সি.এন.জি অটোরিক্সার চলাচল বন্ধ করতে হবে। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবগুলো দাবির কথা শুনেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট আন্তঃজেলা চেয়ার কোচ বাস মালিক সমিতির আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, সিলেট-ভাদেশ^র-ঢাকাদক্ষিণ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ, সিলেট-মৌলভীবাজার বাস মালিক সমিতির সহসভাপতি মোঃ মোক্তার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নোমান আহমদ, সিলেট-কুলাউড়া বাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াদ আহমদ, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, সিলেট-জকিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আজিজুর রহমান রঞ্জু, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস মালিক সমিতির সভাপতি রুহুল আমিন রুহেল, সিলেট আন্তঃজেলা চেয়ার কোচ বাস মালিক সমিতির সদস্য সচিব মো. কামরান আহমদ, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রকিব, সহসাংগঠনিক সম্পাদক হাজী মায়নুর রহমান, সদস্য মো. ময়না মিয়া, মো. নিয়াজ উদ্দিন, এনামুল হক, নজরুল ইসলাম, পারভেজ মিয়া প্রমুখ।
