এবছর জুন মাসে সিলেটে ছাড়িয়েছে গড় বৃষ্টির পরিমান। জুন মসের ১৯ তারিখ পর্যন্ত সিলেটে ১ হাজার ৮৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা জুন মাসে সিলেটের গড় বৃ্ষ্টপাতে পরিমানের চেয়ে বেশি।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সিলেটে জুন মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমান ৮১৮.৪ মিলিমিটার। কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ২৬৭.৫ মিলিমিটার বৃষ্টিপাত বেশি হয়েছে।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালের জুন মাসে সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল। এ সময় এ জেলাতে ১ হাজার ৪৫৬.০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর আর আগে ২০০৪ সালের জুন মাসে সিলেটে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। গেল বছর অতিবৃষ্টির সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে তৃতীয় দফা বন্যা হয়। ক্ষতিগ্রস্ত হয়েছিল ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩ পরিবার। ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল ৪০ হাজার ৯১টি।

এদিকে সিলেটে মধ্য দিয়ে বয়ে যাওয়া সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার (১৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরম নদীর কানাইঘাট পয়েন্টের পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টের বিপদসীমা হচ্ছে ১০.৮০ সি.মি। বৃষ্টিপাত অব্যাহত থাকলে অন্যান্য পয়েন্টের পানিও শিঘ্রই বিপদসীমা অতিক্রম করবে।

সিলেটের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে রবিবার (১৯ জুন) সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১২ মিলিমিটার। আর সোমবার (১৯ জুন) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২৫.২ মিলিমিটার। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে বলেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।