মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ সিএনজি চালক মোঃ রুমন খানকে আটক করা হয়েছে ২৬ ফেব্রুয়ারী রবিবার বিকালে।

ডিবির এসআই মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম রবিবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার ৯ নং আমতৈল ইউনিয়নের অন্তর্গত আটগাঁও গ্রাম থেকে তাকে আটক করে।

আটককৃত রুমন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পৈলনপুর গ্রামের গেদা খানের পুত্র। ডিবি সূত্রে জানা যায়, বিকেলে মাদক দ্রব্য ও চোরাচালান উদ্ধারে চেকপোস্ট পরিচালনাকালে আটগাঁও গ্রামের জনৈক বিপুল মাস্টারের বাড়ির সামনে মৌলভীবাজার-টু- শমশেরগঞ্জ বাজারগামী পাকা রাস্তায় সিএনজি অটোরিক্সাকে থামার জন্য সিগন্যাল দেয়া হয় ।

এ সময় সন্দেহজনক মনে হওয়ায় সিএনজি অটো রিক্সার চালক ও যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে সিএনজি চালক মোঃ রুমন খানের পরনের প্যান্টের পকেট হতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।