শনিবার (৭ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬০ পিছ ইয়াবাসহ আলী হোসেন পাপ্পু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শনিবার রাত অনুমান সাড়ে ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান, এসআই সাইফুল ইসলাম, এসআই আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই হান্নানসহ শ্রীমঙ্গল থানার একটি টিম শ্রীমঙ্গল শহরের মিশন রোড থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন ।

পুলিশ তার বাসায় তল্লাশি চালিয়ে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত পাপ্পু শ্রীমঙ্গল শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মাদক মামলা রয়েছে। এব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।