মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হাইল হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার।

অভিযানে ৫টি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি শিকারের অপরাধে খাজা মিয়া নামে এক ব্যাক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ মোতাবেক ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় পাখি ও পাখি শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত ৫টি পাখির মধ্যে জীবিত ৪টিকে সকলের উপস্থিতিতে অবমুক্ত করা হয় এবং পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে নষ্ট করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,র‍্যাব-৯ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার।