শ্রীমঙ্গল উপজেলা এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ইভটিজিং সহ অসামাজিক কার্যকলাপ রোধকল্পে উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেছেন শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সদর ইউনিয়নের চেয়ারম্যান দুদু মিয়া, ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতলিব, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিলছু আহমেদ চৌধুরী, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন প্রমুখ।

সকলের মাঝে আইনশৃঙ্খলা বিষয়ক প্রাণবন্ত আলোচনা শেষে উপজেলা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও সুশৃংখল রাখতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, ইউপি সদস্যসহ শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।