সিরাজগন্জের কাজিপুরে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।গত মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টায় কাজিপুর উপজেলা আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, উপজেলায় ৫৬ হাজার ১০৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উদ্বোধনী দিনে কাজিপুর উপজেলা ৩৬ টি ওয়ার্ডে ৪ হাজার ৫৩৬ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল এর নেতৃত্বে টিকাদান কার্যক্রম টি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন ইউনিয়নে চলছে। যা চলবে আগামী ১২ দিন।
এ সময় কার্যক্রমটি পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল। উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার জাকারিয়া খান আরিফ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ।
উৎসবমুখর পরিবেশে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার আগে শিশুদের কিছুটা ভয় পেতে দেখা গেলেও পরে ভালো লাগার কথা জানায় তারা।
এদিকে নিজেরা টিকা গ্রহণের পরে সন্তানদের টিকা দিতে পেরে খুশি অভিভাবকরা।ডাঃ মোমেনা পারভীন পারুল বলেন, বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা শিশু ও ঝরে পড়া শিক্ষার্থীদের দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে তবে ১৮ বছরের নীচে শিক্ষার্থীদের এখনও তৃতীয় ডোজ দেওয়ার কোনো নির্দেশনা আসেনি।’
তিনি আরও জানান, দুইভাবে শিশুদের টিকা দেওয়া হবে। যারা স্কুলে পড়ে সেসব শিশুদের স্কুলে স্কুলে ও বাকিদের কমিউনিটির মাধ্যমে গ্রামের পাড়ায় পাড়ায়।
