বরগুনার বেতাগী উপজেলায় এক কলেজছাত্রকে শিকলে বেধে নির্যাতনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায় ওই কলেজছাত্র বেতাগী কাউনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পাওনা টাকা পরিশোধে দেরী হওয়ায় তাকে শিকলে বেধেঁ নির্যাতন করে স্থানীয় এক ব্যবসায়ী। ভুক্তভোগী কলেজছাত্র উজ্জল ঢাকী (১৮) বুড়ামজুমদার ইউনিয়নের পুলেরহাট এলাকার পরিমল ঢালীর ছেলে।
জানা যায়, কিছুদিন আগে একই এলাকার ব্যবসায়ী আরাফাত হোসেনের কাছ থেকে টাকা ধার নিয়ে বিকাশের মাধ্যমে নিজের এক বন্ধুকে পাঠায় কলেজছাত্র উজ্জল। ধার নেয়া টাকা দিতে দেরী হওয়ায় গত সোমবার (২৪ জানুয়ারী) স্থানীয় এক সাবেক ইউপি সদস্য রাজু মৃধার সহায়তায় কলেজছাত্র উজ্জ্বলকে লোহার শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখে আরাফাত হোসেন।
ঘটনার তিনদিন পর (শুক্রবার) রাতে কোমড়ে শিকলে বাঁধা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এলাকা জুড়ে। অনেকেই এঘটনার নিন্দা জানিয়ে ব্যাক্তিগত মত প্রকাশ করেছে।
বেতাগী পৌরশহরের বাসিন্দা মিঠুন পোদ্দার বলেন, ছবিটি আমি বেতাগীর একটি ফেসবুক গ্রুপে দেখলাম। সামান্য পাওনা টাকা নিয়ে এতবড় অমানবিক কান্ড ঘটানো ঠিক হয়নি। ঘটনার তদন্ত করে অপরাধীকে বিচারের দাবী রইল প্রশাসনের কাছে।
কলেজছাত্র উজ্জ্বলের বাবা পরিমল ঢাকী জানান, আমার ছেলে টাকা ধার নিয়েছে, চুরি তো আর করেনি। তবুও চোরের মত বেধে রেখেছিলো তারা। টাকা না দিলে আমার কাছে চাইতে পারতো, তা না করে ওরা আমার ছেলেকে মারধর করলো। আমি ঘটনার দিনই পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
ভুক্তভোগী কলেজছাত্র উজ্জ্বল ঢাকী বলেন, আমার আর্থিক সমস্যার কারনে টাকা দিতে একটু দেরী হয়। ব্যবসায়ী আরাফাত আমার পরিচিত, তাই ভাবছিলাম একটু দেরী হলে সমস্যা হবেনা। কিন্তু সে আমাকে একা পেয়ে রাজু মৃধাকে সাথে নিয়ে শিকল দিয়ে বেঁধে মারধর করেছে। আমাকে ও আমার পরিবারকে সামাজিক ভাবেও হেনস্থা করা হলে । আমি ছাত্র হিসেবে এর বিচার চাই।
ব্যবসায়ী আরাফাত হোসেন বলেন, উজ্জ্বলকে আমি আগে থেকেই চিনি, ওর বাবাও আমারআপরিচিত। এর আগেও ওর সাথে লেনদেন হয়েছে আমার। তবে এবার টাকা দিতে দেরী করায় আমি ওকে দোকানে বসিয়ে রেখেছিলাম। কিন্তু উজ্জ্বলকে কারা শিকল দিয়ে বেঁধে রেখেছিলো তা আমি জানিনা।
সাবেক ইউপি সদস্য রাজু মৃধা বলেন, বিষয়টি একটু খারাপ দেখালেও টাকা উঠানোর জন্য এছাড়া আর কোন উপায় ছিলোনা। আপনারা সাংবাদিকরা এবিষয়ে মাথা ঘামাইয়েন না। বিষয়টা আমি দেখবো।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহআলম হাওলাদার বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
