পটুয়াখালীর বাউফলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়ণ ও তথ্যাবধানে ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ২.২২ কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। নির্মাণ কাজের তদারকিতে গাফেলতি রয়েছে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের ইচ্ছে মত কাজ করছেন এমনই অভিযোগ জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। ফলে সড়কের স্থায়ীত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন।
জানা গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে বাউফলের কনকদিয়া ইউনিয়নের বীরপাশা বাজার থেকে কুয়েত মসজিদ পর্যন্ত ২.২২ কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণের কার্যাদেশ পায় পটুয়াখালীর মের্সাস মহিউদ্দিন আজাদ জেবি নামে একাট ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ না করে এলজিইডির কর্মকর্তাদের ম্যানেজ করে দুই দফা সময় বাড়িয়ে নিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠিানটি। সরেজমিনে দেখা যায়, সড়কের কার্পেটিংয়ের কাজ চলছে। প্রতিবর্গ মিটারে ১.২৫ লিটার বিটুমিন ও কেরসিনের মিশ্রণ (প্রাইম কোট) দেয়ার কথা থাকলেও নামমাত্র প্রলেপ দিয়ে কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে। কার্পেটিং ও ঢালাই কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের পাথর ও বিটুমিন। বিটুমিনের পরিমাণও দেয়া হচ্ছে কম। কার্পেটিং শেষে যেনতেনভাবে সিলকোট করা হচ্ছে। ফলে দু’এক দিন না যেতেই সড়কের বিভিন্ন স্থানের সিলকোট উঠে যাচ্ছে।
স্থানীয়রা জানান, সড়কটির নির্মাণ কাজে নির্ধারিত বালুর পরিবর্তে পুকুর ও ডোবা থেকে অবৈধ বোমা ড্রেজার দিয়ে বালু-কাঁদা উত্তোলণ করে রাস্তা ভরাট কার হয়েছে। সড়কটির এজিন, সাববেস ও ম্যাকাডামে ব্যবহার করা হয়েছে নির্মাণের ইট ও খোয়া। এ যেন সড়ক নির্মাণ কাজে পদে পদে অনিয়ম ফুটে উঠছে। স্থানীয় বাসিন্দা আ. গনি, আনিসুর রহমানসহ একাধিক ব্যাক্তি জানান, সড়কটির নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়ম করায় ঠিকাদারের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো ঠিকাদার আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। এলাকাবাসীরা আরো জানান, সড়কের মাঝে কালভার্ট নির্মাণ না করায় এলাকার কয়েক শত একর কৃষি জমি অকাজো হয়ে পড়েছে। একটি সূত্র জানায়, ঠিকাদার বাউফল এলজিইডির প্রকৌশলী ও সড়ক নির্মাণ কাজের তদারকি কর্মকর্তাকে ম্যানেজ করে এমন অনিয়ম করছেন। সড়ক নির্মাণ কাজের তদারকি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মো.এনামুল ইসলাম অভিন্ন সূরে বলেন, শিডিউল অনুযায়ী নির্মাণ কাজ চলছে। কোন অনিয়ম দুর্নীতি হয়নি। এবিষয়ে পটুয়াখালী জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিম.এম সাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অনিয়ম হলে কাজ বন্ধ করে দেওয়া হবে।
