বরগুনায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন ১২ জন। বাসটি ঢাকা থেকে বরগুনা আসছিলো। তবে এঘটনায় এখন পর্যন্ত কোন প্রানহানির খবর পাওয়া যায়নি।

রবিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ঢাকা-বরগুনা মহাসড়কগলাচিপা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসছিলো সোনারতরী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরগুনা রুটের গলাচিপা নামক স্থানে আসলে কুয়াশার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ২৫ জন যাত্রীর মধ্যে ২০ জনই আহত হন। এদেরমধ্যে গুরতর আহত ১২ জন। আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কোন প্রানহানির ঘটেনি।

স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন বলেন, দূর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে তারা যথাসময়ে আসতে পরেনি। তাই স্থানীয়রাই দুর্ঘটনা কবলিত বাসটি থেকে আটকে পরা আহত যাত্রীদের উদ্ধারে কাজ করে। সকলকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর কবির বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। বাসে থাকা ১২ জন যাত্রী আহত হয়েছেন৷ এদেরকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতরদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।