‘পতিত জমি আবাদ করে সোনার ফসল তুলো ঘরে’, এই স্লোগানেই দীক্ষিত যেন গোয়াইনঘাটের সদর ইউনিয়নের আলীর গ্রামের কৃষক সমাজ। পতিত খাস ও সাময়িকভাবে পড়ে থাকা বিভিন্ন জনসাধারণের পতিত জমি আবাদ করে সবুজ সোনার সমারোহে ফুটেছে গ্রামবাসী নরনারীর মুখে হাসি। পতিত পড়ে থাকা এসব জমি থেকে উৎপাদিত হচ্ছে কোটি টাকার ফসল। পর্যাপ্ত প্রশিক্ষণসহ সেচ প্রয়োজনে কৃষকদের পানি, বিদ্যুৎসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হলে স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও পাঠানো যাবে এখানকার উৎপাদিত কৃষি পণ্য।

সরজমিন গত শুক্রবার সকাল ১১টায় উপজেলার সদ্য গঠিত ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের পশ্চিম আলীর গ্রাম মৌজার ‘আলীর গ্রাম উনাই হাওর’ চোখে পড়ে এখানকার কর্মঠ কৃষকদের সফলতার চিত্র। আলাপকালে কৃষক ও গ্রামবাসীরা জানান, প্রায় দুই যুগ থেকে উনাই হাওরের পতিত শ্রেণির জমি আবাদ করে আলীর গ্রামসহ আশপাশের গ্রামবাসী জনসাধারণের খাদ্য চাহিদা মিটিয়েও অর্থনৈতিক সফলতা পেয়েছে অনেক পরিবার। গোয়াইনঘাটের উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতা পেয়ে এখানকার পতিতসহ ব্যক্তিগত জমিতে চাষাবাদে উদ্যোগী কৃষকরা রবি মৌসুমে শাক-সবজি এবং বোরো উৎপাদনে এগিয়ে আসায় বছরে এখান থেকে কোটি টাকারও বেশি কৃষিপণ্য উৎপাদন করছেন উনাই হাওর থেকে। গেল বছর পরিতোষ চন্দ্র দেব নামের একজন কৃষক উনাই হাওরে ৭০ বিঘা জমিতে ‘কৃষি দিবানিশি’ নামের প্রজেক্ট করে বিভিন্ন প্রকার সবজি তরমুজ, নাগামরিচের চাষ করলে বাম্পার ফলন হয়। এতে করে তিনি ৫-৬ মাসে কুড়িলাখ টাকা লাভ করে অনুকরণীয় দৃষ্টান্ত হন স্থানীয় কৃষকদের কাছে।

এ বছরেও আলীর গ্রাম গ্রামের উকিল আলী, মরতুজ, জামাল, আবদুল করিম কামাল মুহিবুর ফখর উদ্দিন গংসহ পুরো গ্রামবাসী এই উনাই হাওরে সরিষা, ফরাশ, মিষ্টি লাউ, কদু, আলু, মূলা, ধনিয়া চাষ করে উনাই হাওরের বিশাল এলাকাকে পরিণত করেছেন কৃষির শতভাগ উপযোগী হাওর। তার উৎপাদিত সরিষার মাঠ দেখলে মনে হবে যেন দিগন্ত এসে মিশে গেছে হলুদ-সবুজের বিস্তীর্ণ ফসলের মাঠে। উনাই হাওরের ক্ষেতের আল ধরে হাঁটলে এক অনন্য সৌন্দর্য উপভোগ করা যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে আশপাশের পাথর কোয়ারীগুলো বন্ধ। কর্মহীন হাজারো মানুষ। বেকারত্বের অবসান ঘটিয়ে গত বছর থেকে উনাই হাওর হয়ে উঠেছে গ্রামবাসীর জীবন-জীবিকার প্রধান উৎস।

গোয়াইনঘাটের সদ্য বিদায়ী উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলীর পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে শুরু হয় শীতকালীন শাক-সবজিসহ সব ধরনের ফসল। সরিষা আর বোরো আবাদও হয় ব্যাপকভাবে। গত বছর শীত মৌসুমে এখানকার উৎপাদিত কৃষি পণ্য হতে কমপক্ষে ৩ কোটি টাকার ফসল বিক্রি ও নিজেদের প্রয়োজনে রাখেন কৃষকরা। প্রতি বছরই একই হারে এখানে শীতকালীন ফসল উৎপাদন হচ্ছে। আলাপকালে আলীর গ্রাম গ্রামের কৃষকরা জানান এখানে সেচের পানি বিদ্যুৎ সুবিধা প্রদান করা হলে এই হাওর থেকে আরও ব্যাপকহারে উত্তোলন হবে সবুজ ও হলদে সোনা। কৃষকদের অভিযোগ প্রায় দুই যুগ থেকে উনাই হাওরে তারা চাষাবাদ করে পরিবার-পরিজনের মুখে খাবার তুলে দিচ্ছেন। সরকারের নিকট গরিব, দুঃখী ভূমিহীন পরিবারে বন্দোবস্তের আবেদন করেছেন, ক্ষতিপূরণ হিসেবে খাজনাও একবার দিয়েছেন, এরইমধ্যে একটি প্রভাবশালী চক্র মিথ্যা তথ্যের আবেদন দিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থে লিপ্ত থেকে গ্রামবাসীর মুখের খাবার কেড়ে নিতে চাচ্ছে। ঐ জমি গ্রামের ভূমিহীনদের বন্দোবস্তের দাবি গ্রামবাসীর। সরজমিন পরিদর্শনকালে দেখা যায় উনাই হাওরের অপরূপ সাজে সেজে ওঠার দৃশ্য।

সরিষার হলুদ ফুল মৌমাছির গুঞ্জন, সবুজ সবজির দিক বিস্তৃত ফসলের সমারোহ আর নিবিড় সবুজতা। কৃষকদের প্রাণান্ত শ্রমে সৃষ্ট মনকাড়া মাঠ যেন মনে হয় ‘বাঁচতে হলে খাদ্য চাই-চলো সবাই মাঠে যাই’ এই স্লোগানের বাস্তব রূপ দিতেই গ্রামের অসংখ্য কৃষকের মাঠেই দিন কাটছে। জিল্লুর রহমান নামের একজন কৃষক জানালেন সরকারের আর্থিক সহায়তায় সেচ সুবিধায় পানি, বিদ্যুৎ পরিষেবা পেলে উনাই হাওর ফসলের ভাণ্ডার স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরের জেলাসমূহ এমনকি বিদেশেও রপ্তানি করা যাবে এখানকার উৎপাদিত কৃষি পণ্য। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, উপজেলা সদরের অদূরে উনাই বিলের মাঠজুড়ে শীতকালীন শাক-সবজিসহ ফসল উৎপাদনের খবর শুনেছি, এটা আমাদের গোয়াইনঘাট উপজেলার কৃষির জন্য অত্যন্ত ভালো খবর। আমি সরজমিন পরিদর্শন করে কৃষকদের সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। কৃষি বান্ধব বর্তমান সরকারের তরফে ইতিপূর্বে গোয়াইনঘাটের কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে আসছেন। তাদের যেকোন সমস্যা সমাধানসহ সব সময়ই প্রশাসন কৃষকের পাশে আছে।