পূর্বে এসএমএস প্রাপ্তদের করোনা টিকা প্রদান কার্যক্রমের ২য় দিনেও ব্যাপক ভীড় হয় সিলেট ওসমানী হাসপাতাল কেন্দ্রে। গতকাল সোমবার ফাইজারের টিকার প্রথম ডোজ নিতে সকাল ৮টা থেকেই লাইনে দাড়ায় মানুষ।

ব্যাপক উপস্থিতির কারণে টিকা কেন্দ্র থেকে শুরু করে লোকজনের লাইন ৫ তলা থেকে শুরু হয়ে নিচতলা হয়ে এক পর্যায়ে হাসপাতালের আঙ্গিনা পর্যন্ত ছড়িয়ে যায়। তপ্ত রোদ উপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেককেই টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে।

রোববার টিকা নিয়ে বিশৃঙ্খলার কারণে কয়েক দফা টিকা প্রদান কার্যক্রম বন্ধ রাখা হলেও সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে টিকা কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীতে নিবন্ধন করে এসএমএস পেয়েও ৭/৮ হাজার মানুষ টিকা নেয়া থেকে বিরত রয়েছে। মডার্নার টিকা বন্ধ হওয়ার পর নগরীতে ১ম ডোজ হিসেবে সিনোফার্ম দেয়া শুরু হলে অনেকেই টিকা নিতে অনিহা প্রকাশ করেন। এসএমএস পেয়েও বিরত থাকেন টিকা দেয়া থেকে।

সিলেট নগরীতে ফাইজারের টিকার ১ম ডোজ দেয়া শুরু হলেও পুর্বে এসএমএস প্রাপ্তরা ভীড় জমাতে শুরু করেন। ফলে নতুন এসএমএস প্রাপ্তরা পড়েন বিপাকে। পূর্বে এসএমএস প্রাপ্তদের জট কমাতে সিসিকের স্বাস্থ্য বিভাগ শনিবার থেকে নতুন এসএমএস দেয়া বন্ধ করে দেয়।

রোববার থেকে শুধু পূর্বে এসএমএস প্রাপ্তদের টিকা দেয়ার কার্যক্রম হাতে নেয়। এই কার্যক্রমের ১ম দিনে ওসমানী হাসপাতাল কেন্দ্রে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম জানান, রোববারের বিশৃঙ্খলার বিষয়টি মাথায় নিয়ে সোমবার আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম। যার ফলে বেশী সংখ্যক মানুষকে টিকা দেয়া সম্ভব হয়ে কোন বিশৃঙ্খলা ছাড়াই।

বেশী সংখ্যক পুলিশ ও আনসারের সমন্বয়ে নিচ থেকে উপর পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। লাইন ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেয়া হয়নি। ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, সোমবার ওসমানী হাসপাতাল কেন্দ্রে ৩ হাজার ১৯২ জন ফাইজারের ১ম ডোজের টিকা গ্রহণ করেন। একই কেন্দ্রে সিনোফার্মের ২য় ডোজ নেন ১ হাজার ৪৭৫ জন। এছাড়া পুলিশ লাইন্স হাসপাতালে সিনোফার্মের ২য় ডোজের টিকা নেন ৪০৫ জন।