কিশোর গ্যাং ও যানজট নিরসনে কঠোর ব্যবস্থার আশ্বাস

সিলেট এসএমপি কোতোয়ালি থানার ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

শনিবার, ১৬ মে ২০২৬ | ৯:২১ অপরাহ্ণ

সিলেট এসএমপি কোতোয়ালি থানার ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
apps

সিলেট নগরে ছিনতাই, চুরি, কিশোর গ্যাং ও যানজটের মতো নাগরিক দুর্ভোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। আজ শনিবার সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় সিলেট নগরের সারদা স্মৃতি হল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে এলাকার গণ্যমান্য নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা থানা পুলিশের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে তারা নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের উৎপাত, তীব্র যানজট এবং সড়ক ও জনদুর্ভোগের নানা চিত্র পুলিশ কমিশনারের সামনে তুলে ধরেন।

জনসাধারণের অভিযোগ ও বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন পুলিশ কমিশনার। তিনি উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অপরাধ দমনে পুলিশের সোর্সদের (তথ্যদাতা) বিষয়ে সতর্কবার্তা দিয়ে কমিশনার বলেন, কোনো সোর্সের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে, তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাশ। এছাড়াও সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পুলিশ জানায়, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই উন্মুক্ত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক নাগরিক অংশ নেন।

Development by: webnewsdesign.com