

সারা দেশে চলমান তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠী। হাড় কাঁপানো শীতে খোলা আকাশের নিচে কিংবা জরাজীর্ণ ও অরক্ষিত ঘরে বসবাস করা দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাপন হয়ে উঠেছে চরম কষ্টসাধ্য।বিশেষ করে দিনমজুর,ভাসমান মানুষ, বৃদ্ধ, নারী ও শিশুরা শীতের প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে রাত কাটাচ্ছেন অনিদ্রায় ও অসহনীয় যন্ত্রণায়।
এই কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন ‘স্টার’৯৪’।রংপুর নগরীতে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করে সংগঠনটি।শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কষ্ট লাঘব করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
রোববার (৪ জানুয়ারি) সকালে রংপুর নগরীর কুকরুল এলাকায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।সকাল থেকেই শীতার্ত মানুষের ভিড় জমে বিতরণস্থলে।কনকনে ঠান্ডার মধ্যেও শান্তিপূর্ণ পরিবেশে সারিবদ্ধভাবে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন ‘স্টার’৯৪’-এর সদস্যরা।কম্বল হাতে পেয়ে অনেকের মুখেই ফুটে ওঠে স্বস্তির হাসি-যেন শীতের নির্মমতায় একটু উষ্ণতার ছোঁয়া।
আয়োজকরা জানান, শীত মৌসুম দরিদ্র মানুষের জন্য এক ধরনের নীরব দুর্যোগ।প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন,বাড়ে ঠান্ডাজনিত রোগ।সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই সংগঠনের সদস্যরা নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে এই কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
এসএসসি ১৯৯৪ ব্যাচের রংপুর বিভাগের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক সংগঠন‘স্টার।প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ ও নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কম্বল বিতরণকালে সংগঠনের সদস্যরা বলেন,“শীত শুধু একটি ঋতু নয়, দরিদ্র মানুষের জন্য এটি একটি বড় সংকট। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেক মানুষ অসহনীয় কষ্টে দিন ও রাত পার করেন। সমাজের সামর্থ্যবান মানুষের উচিত এই সময়ে অসহায়দের পাশে দাঁড়ানো। সেই দায়বদ্ধতা থেকেই’এই উদ্যোগ গ্রহণ করেছে।”
কম্বল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মেহেদী হাসান তুহিন(বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান, চিনিশপুর ইউনিয়ন,নরসিংদী সদর),এটিএম রিদোয়ান বারী,মোহাম্মদ শামীমুল ইসলাম, হাফিজুর রহমান তুহিন, মো. আব্দুর রহিম (সাব-ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ), আব্দুল লতিফ (সাব-ইন্সপেক্টর)।তারা সবাই ‘স্টার’৯৪’-এর এডমিন সদস্য।
এছাড়া এই ব্যাচের রংপুরে সিনিয়র সাংবাদিক রেখা মনি, শফিক নাহিদ, হাফিজুর রহমান, বরকত উল্লাহ, মো.সাদিকুল ইসলাম, হাফিজা পান্না, বিএসসি মিলন, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শীতার্ত মানুষেরা।এক বৃদ্ধা হামিদা বেগম বলেন,এই শীতে রাতে ঘুমানো খুব কষ্টের ছিল। শরীর কাঁপত, অসুখ লেগেই থাকত। আজ কম্বল পেয়ে অনেক উপকার হলো। আল্লাহ এই মানুষগুলোর ভালো করুন।”
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, শীতের এই কঠিন সময়ে এমন মানবিক সহায়তা দরিদ্র মানুষের জন্য বড় আশীর্বাদ। তারা আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানরাও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসবেন।
অনুষ্ঠান শেষে ‘স্টার’৯৪’-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার অঙ্গীকারে অটল থাকবে। শিক্ষা ও চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
শীতার্ত মানুষের জীবনে সাময়িক হলেও উষ্ণতার পরশ এনে দিয়ে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে‘কম্বল বিতরণ কর্মসূচি।


