
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় বুধবার (০৪ মার্চ) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রবিরবাজার, মধ্য রবিরবাজার, কর্মধা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ইফতারী সামগ্রী তৈরি প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ মিশ্রণ করা, ক্ষতিকর রং পাওয়া, পোড়া তৈল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারে অবস্থিত আল মদিনা মিষ্টিঘরকে ৫০ হাজার টাকা, মেসার্স সুজন মিষ্টিঘরকে ২০ হাজার টাকা ও ধানসিড়ি রেষ্টুরেন্ট এন্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য যা খাদ্য উৎপাদনে ব্যবহার খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়াও পাকস্থলীর ক্যানসার, পেটের পীড়া ও আলসার মানব দেহের বিভিন্ন হরমোনের কাযক্রমে ব্যাঘাত ঘটায়।
অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।এছাড়াও ধানসিঁড়ি রেষ্টুরেন্টেকে সাময়িক সিলগালা করা হয়।
