আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াতের নির্যাতনের হাত থেকে কেউ রক্ষা পায়নি। বিএনপি হচ্ছে সন্ত্রাসী পার্টি আর জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধীপার্টি। আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মেরেছে বিএনপি-জামায়াত। মানুষ পুড়িয়ে মারাই বিএনপি-জামায়াতের আন্দোলন।’

আজ শনিবার দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় থেকে টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে। কিন্তু ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ যখনই কাজ শুরু করে বিএনপি তখন বারবার বাধা সৃষ্টি করেছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিভিন্ন ভাতা দিয়ে অসহায়ের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার। মানুষের ভাগ্য পরিবর্তনে প্রাণখুলে চেষ্টা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা মুজিব আদর্শে বিশ্বাস করি। বঙ্গবন্ধু বলেছিলেন- “কেউ দাবায়ে রাখতে পারবা না।” আমাদের কেউ দাবায়ে রাখতে পারেনি। বলেছিলাম- নিজেদের টাকায় পদ্মা সেতু করব। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি।’ শেখ হাসিনা বলেন, ‘ছোট বোন রেহানা আমার পাশে না থাকলে আমি দেশের জন্য এতো কাজ করতে পারতাম না।

Facebook Comments Box