দেশের জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে চীন এবং ভারত থেকে আরও ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে দুটি বড় জাহাজ। বর্তমানে এই ডিজেল দিয়ে দেশের চার দিনের চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন জানিয়েছে, শুক্রবার (১ মে) বিকেল ৩টায় ১৯ হাজার টন ডিজেল নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। এর পরপরই শনিবার (২ মে) ভোরে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া এঙ্করেজে নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জ্বালানি তেলের সরবরাহ প্রক্রিয়া এখন বেশ সচল। বর্তমানে ডলফিন জেটিতে দুটি জাহাজ অবস্থান করছে এবং বহির্নোঙরে অপেক্ষমাণ আছে আরও দুটি। একটি জাহাজ থেকে লাইটারিং (তেল খালাস) কার্যক্রম চলমান রয়েছে। নতুন আসা দুটি জাহাজসহ বর্তমানে বন্দরে মোট সাতটি জ্বালানি তেলবাহী জাহাজ অবস্থান করছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার ৫০০ টন। সেই হিসেবে নতুন আসা এই ডিজেল দিয়ে চার দিনের চাহিদা পূরণ হবে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল দেশে এসেছে। মে মাসেও জ্বালানি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির বিষয়টি নিশ্চিত করেছে বিপিসি। নিয়মিত এই আমদানির ফলে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Development by: webnewsdesign.com