পাহাড়ের ঐতিহ্যবাহী বর্ষবরণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | ৮:৩৭ অপরাহ্ণ

পাহাড়ের ঐতিহ্যবাহী বর্ষবরণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি
apps

পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণ ও সামাজিক উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে দেশের তিন পার্বত্য জেলায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৃহৎ উৎসবের গুরুত্ব বিবেচনা করে বিশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ছুটির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ি জনপদের বর্ষবরণের উৎসব যথাযথভাবে উদযাপনের অংশ হিসেবে এই ছুটি কার্যকর হবে। সাধারণত সারাদেশে বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের সরকারি ছুটি থাকলেও, পার্বত্য অঞ্চলে বসবাসরত জাতিগোষ্ঠীর উৎসব বিবেচনায় সেখানে অতিরিক্ত আরও একদিন সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

​প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের অন্যান্য জেলায় কর্মরত সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য এই দিনটি ‘ঐচ্ছিক ছুটি’ হিসেবে গণ্য হবে।

​এদিকে, নতুন বছর ও উৎসবকে ঘিরে পাহাড়ের জনপদে এখন সাজ সাজ রব। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে শুরু হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পাহাড় থেকে সমতলে। আগামীকাল মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বর্ষবরণের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

​পুরনো বছরের দুঃখ-গ্লানি মুছে জলকেলি, বিজু ও বৈসুক-এর মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত এখন পাহাড়ের মানুষ।

Development by: webnewsdesign.com